ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্রশিক্ষণ চলাকালে নতুন নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে পরপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স দ্বারা যাচাইকৃত একটি ভিডিও চিত্রে দেখা গেছে, হামলার স্থানে রক্তাক্ত মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আহত ব্যক্তিরা ছটফট করছেন।
চলতি মাসেই হুথিদের দখলে থাকা এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইয়েমেনের সরকারি বাহিনী। অভিযানের অংশ হিসেবে বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত কিছু এলাকা ইতিমধ্যেই তারা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অপরদিকে, দেশের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর প্রধান ও সর্বশেষ নগর ঘাঁটি তাইজ শহরটি অবরোধ করে রেখেছে হুথিরা।




