দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের লক্ষ্যে ঢাকার বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি দেশের তিন বিভাগের তিন জেলায় এক দিনব্যাপী এই সফর পরিচালনা করবেন। প্রধানমন্ত্রীর সফরসূচিতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম জেলা রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী মণ্ডপগুলোতে উপস্থিত ভক্ত ও পূজারীদের সঙ্গে সার্বিক কুশল এবং শুভেচ্ছা বিনিময় করবেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে তিনি সরাসরি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
রংপুর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন এবং দুপুর দেড়টায় নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।
রাজশাহীর কর্মসূচি শেষ করে তারেক রহমান বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সন্ধ্যায় তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে একই দিন রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।
এর আগে, গত রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওই সময় ডা. জুবাইদা রহমান তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদযাপিত হওয়ার পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।




