বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘মোহনা’য় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
সভা শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নির্ধারিত এজেন্ডা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির হেদায়েত উল্লাহ, সেক্রেটারি কুতুব উদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সবুজসহ সনাতনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন দাশ বলেন, পূজামণ্ডপগুলোর জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলে সংশ্লিষ্ট মণ্ডপ কমিটির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নামে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান পূজা চলাকালে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পূজা উদযাপনের সময় নিজেদের মধ্যে কোনো বিভেদ বা মতবিরোধ থাকলে তা প্রকাশ না করে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা এলজিইডির প্রকৌশলী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও সেক্রেটারি, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজার দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব যাতে উৎসবের পরিবেশকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সবাই পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।




