ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে।
সিএমপি কমিশনার বলেন, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে।ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা ওসমান গণি মনসুর।
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




