বশির আহাম্মদ, বান্দরবান: বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ জাকির হোসেন নামের এক চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার গাড়ির সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে রাখা ১৩টি প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আটক জাকির হোসেন দাবি করেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না।
তিনি বলেন, “ভোরে কক্সবাজার থেকে গাড়ি নিয়ে রওনা হন। কেরানীহাটে একজন যাত্রী গাড়ি থেকে নেমে যান। পরে বান্দরবান সদরে পৌঁছানোর পর আরও দু’জন যাত্রী গাড়ি থেকে নেমে যান। এরপর পুলিশ তাকে আটক করে এবং গাড়ি থেকে ইয়াবা উদ্ধার করে।”
জাকির হোসেন বলেন, “মাত্র কয়েকদিন হলো আমি প্রাইভেটকারটি চালানো শুরু করেছি।”
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে প্রাইভেটকারটি বান্দরবান সদরে প্রবেশ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা প্যাকেটগুলো খুলে ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “কয়েক হাজার ইয়াবা ট্যাবলেটসহ বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে বিলাসবহুল গাড়ি ও এর চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”




