দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছেন আরও চারজন। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪২ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন রোগী।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে মারা গেছেন ১ হাজার ৯৭ জন।
অন্যদিকে, ডেঙ্গু জ্বরের প্রকোপও অব্যাহত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।




