ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ইহুদিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে প্রায় ১ লাখ ১০ হাজারে পৌঁছেছে। রোববার সন্ধ্যায় ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এ তথ্য প্রকাশ করেছে। ২০২৬ সালের শুরুর দিকে এই সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার। ক্রমাগত সামরিক তলব আদেশ জারির পরও দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে এবং আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দায়িত্ব এড়িয়ে চলা এই বিশাল জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশই অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য, যারা ‘হারেদি’ নামে পরিচিত। সুপ্রিম কোর্টের রায়ে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ওপর জোর দেওয়া হলেও বাস্তবে এই প্রক্রিয়াটি কার্যত স্থবির হয়ে আছে। হাতেগোনা কয়েকটি ব্যতিক্রম ছাড়া এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে ১৪ জন হারেদি এবং অন্য সম্প্রদায়ের আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসে এই ব্যক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান পরিচালনার পরিকল্পনা থাকলেও পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে বিরোধের কারণে তা বাতিল করা হয়। পুলিশ অভিযান পরিচালনায় সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে ৩০০ সেনাসদস্য চেয়েছিল, তবে সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি হলো, সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের গ্রেপ্তার করার বিষয়টি সেনাবাহিনীর দায়িত্বের আওতাভুক্ত নয়।




