নগর প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় প্রায় ৫৬৬ গ্রাম (সাড়ে ৪৮ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। আনুমানিক বাজারমূল্য ও রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের মধ্যে রয়েছে স্বর্ণদণ্ড ও অলঙ্কার।
আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকার বাসিন্দা (পাসপোর্ট নম্বর: অ১৩২৪৮৪৬১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বর্ণের চালানটির সঠিক পরিমাপ শেষে তা আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইবরাহিম খলিল বলেন, আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী কাস্টমস হলে স্ক্যানিং করার সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নজরে আসে। পরবর্তীতে ডিজিএফআই, এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তদারকিতে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার ব্যাগে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৬৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণদণ্ড পাওয়া যায়। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও উদ্ধার করা হয়।




