নগর প্রতিবেদক: চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম এডিটরর্স ক্লাবের প্রধান উপদেষ্টা এম এ মালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম এডিটরর্স ক্লাব।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মিজানুর রহমান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এম এ মালেকের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার করছেন। একজন প্রবীণ ও সম্মানিত সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্র শিল্পে এম এ মালেকের দীর্ঘদিনের অবদান সর্বজনস্বীকৃত। সাংবাদিকতার বিকাশ, পেশাগত মূল্যবোধ প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের উন্নয়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ন করার যে কোনো চেষ্টা নিন্দনীয় এবং তা সফল হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম এডিটরর্স ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা এ ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য প্রচার করা গ্রহণযোগ্য নয়। যেকোনো অভিযোগ বা বক্তব্য তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে উপস্থাপন করা উচিত। এডিটরর্স ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের প্ল্যাটফর্মে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় সকলের দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
বিবৃতি শেষে, এম এ মালেকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানায় চট্টগ্রাম এডিটরর্স ক্লাব।




