সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে বিরোধের জেরে অপহরণ ও নির্যাতনের শিকার নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬)কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আকবর হোসেন প্রকাশ বাঁচা (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার (০৪ জুলাই) রাত ৭টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পর তাকে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত আকবর হোসেন বাঁচা উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। এর আগে গত (০১ জুলাই) নিহতের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে আকবর হোসেন বাঁচা, মো. হারুন, মো. ফোরকান ও মো. ওসমানের নাম উল্লেখ করে আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে নিহত নুরুল ইসলাম প্রকাশ নুরুর বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে গত (২৩ জুন) আসামিরা নুরু ও তার স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নুরুর স্ত্রী । এরপর (২৪ জুন) কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুকে অপহরণ করা হয়। পরদিন (২৫ জুন) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে বান্দরবান থানা পুলিশের মাধ্যমে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে বান্দরবান সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না পাওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (২৮ জুন) সকালে তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল রোববার (০৫ জুলাই) আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়াও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




