মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও একটি এস. আলম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হন।
নিহতরা হলেন- নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)। নিহতদের পরিচয় সনাক্ত করেছেন পেকুয়া থানার ওসি মোঃ মেহেদী হাসান।
পেকুয়া থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা চকরিয়া-পেকুয়া আনোয়ারা আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতরা পেকুয়া সদর ইউনিয়নের হরিণা ফাঁড়ি এলাকার সিরাজুল ইসলাম (৪২), শাহেদুল ইসলাম (২২), পাখি বেগম (৫৫) ও রামিম হোসেন (১০)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা গাড়ি দুটি জব্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, বাস এ সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় সিএনজির দুইজন যাত্রী নিহত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।




