নগর প্রতিবেদক: সাধারণ মানুষ যাতে সহজে পুলিশের সেবা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি নগরবাসীর পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তি কমাতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সিএমপির পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এসব নির্দেশনা দেন।
তিনি বলেন, সেবা প্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা নানা অভিযোগ ও সমস্যার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন।কমিশনার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।




