বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবাসহ বাস চালক ও এক মাদক সিন্ডিকেট প্রধানকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চকরিয়া থানার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র্যাব-১৫ এর একটি অভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় ইয়াবা সমেত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-পটুয়াখালীর কলাপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৮) এবং উখিয়ার শিকদার বিল এলাকার মো. রবিউল হোসেন ওরফে রবি (২৬)।
তল্লাশিকালে বাসটির এফ-১ সিটের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই বাস চালক ও সংশ্লিষ্ট মাদক কারবারিকে আটক করা হয়।
আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক।
র্যাব জানায়, গ্রেফতার দুজনের মধ্যে একজন মাদক সিন্ডিকেটের প্রধান এবং অপরজন বাস চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকের চালান পাচার করে আসছিল।
র্যাব আরও জানায়, তারা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
আ.ম. ফারুক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, যাত্রীবাহী পরিবহনকে ব্যবহার করে মাদক পাচারের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।




