বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: টেকনাফে পৃথক দুই অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামে পাচার করা হবে।এরপর সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা।
এ ঘটনায় সাহাদাত হোসেন ওরফে সাকিব নামে এক পাচারকারীকে আটক করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে মিয়ানমার থেকে ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় নজরদারি বাড়ায়।
রাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে সেটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
এ সময় ট্রলার থেকে ৪ পাচারকারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. ইয়াসিন (৩৫), মো. ইসমাইল (২২), গিয়াস উদ্দিন (৩২) ও জসিম উদ্দিন (৩৩)।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, “মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




