বিনোদন ডেস্ক: সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের দুই তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তার আগেই ফাঁস হয়ে গেল এজুটির বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্র। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোনাক্ষী-জাহিরের বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটি কিউ আর কোডের মাধ্যমে আনলক করা যাবে।
এতে একবার্তায় তারা বলেছেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা এই সময়টিতে এসে পৌঁছেছি।’
এ জুটির বিয়ের নিমন্ত্রণপত্রে রয়েছে নানা চমক। ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে এই নিমন্ত্রণপত্র। প্রচ্ছদে রয়েছে হবু দম্পতির একটি অন্তরঙ্গ ছবি। তারই সঙ্গে লেখা, ‘দ্য রিউমারস ওয়্যার ট্রু’।
নিমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে অতিথিদের এ দিনের ‘ড্রেস কোড’। উৎসবে পরার মতো মানানসই ‘ফর্মাল’ পোশাক পরতে বলা হয়েছে অতিথিদের। তবে, প্রত্যেককে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, আন্দাজ করাই যায় এদিন নববধূকেই শুধুমাত্র লাল রঙের পোশাকে দেখা যাবে।
একটা সময় সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বি-টাউনে। এ বিষয়ে তারা বলেন, ‘প্রেমিক-প্রেমিকা হিসেবে আমাদের নিয়ে গুঞ্জন ছিল। সেই ‘গুঞ্জন’ এবার সত্যি হচ্ছে। আর আমরা স্বামী-স্ত্রী হতে চলেছি। আপনাদের ছাড়া এই উদ্যাপন অসম্পূর্ণ। তাই ২৩ জুন আসুন আর আমাদের সঙ্গে পার্টি করুন। দেখা হচ্ছে।’’
২৩ জুন নাকি আইনি মতেও বিয়ে করছেন সোনাক্ষী ও জাহির। ইতোমধ্যে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের সদস্যরা এবং হীরামান্ডি কাস্ট তাদের বিয়ের আমন্ত্রণ পেয়েছেন।




