দি ক্রাইম ডেস্ক: বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ফুড অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আগামী রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় অনুষদের ষষ্ঠ তলায় নতুন শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি, নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানসম্মত ও পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।
ফুড অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য এক ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে খাদ্য বিজ্ঞান ও পুষ্টি, খাদ্য নিরাপত্তা, খাদ্যের গুণগত মান ও মান নিয়ন্ত্রণ, খাদ্য সংরক্ষণ, খাদ্যদূষণ ও ভেজাল, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য ও স্বাস্থ্যের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে।
আয়োজকরা আরও জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টিবিষয়ক মৌলিক জ্ঞান, সমসাময়িক ধারণা এবং দৈনন্দিন জীবনে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনের সক্ষমতা যাচাই করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে খাদ্য বিষয়ে বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলা এবং খাদ্য, পুষ্টি ও জনস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন ভূমিকা রাখবে।
এদিকে ফুড অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীসহ আগ্রহীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্যকে সামনে রেখে নিরাপদ, পুষ্টিকর, টেকসই ও মানসম্মত খাদ্যব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।




