ঢাকা ব্যুরো: রাজধানীর শহীদ বাগের ঢাকা ব্যাংক শাখা থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছিল পুলিশ।
এর আগে মঙ্গলবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আসাদুজ্জামান আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২৭ ডিসেম্বর দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল হুদা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করেন।




