আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দুই বিমানবন্দরে ইসরায়েলের আবারও রবিবার সকালে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলার ফলে চলতি মাসে বেশ কয়েকবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরের শহর আলেপ্পোয় উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়। রবিবার দ্বিতীয়বারের মতো দুই বিমানবন্দরে একইসঙ্গে হামলা চালানো হয়।খবর সানার।
রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানায় সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
সানা জানায়, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে ইসরায়েলি বিমানবাহিনী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের ওপর বিমান হামলা চালায়। ওই হামলায় দামেস্ক বিমানবন্দরে এক বেসামরিক কর্মী নিহত ও আরেকজন আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে সব ধরনের ফ্লাইট বন্ধ করা হয়েছে।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটগুলোকে এখন লাকাতিয়া বিমানবন্দর থেকে পরিচালনা করা হচ্ছে। লাকাতিয়ার পশ্চিমে ভূমধ্যসাগর থেকে এবং সিরিয়ার অধিকৃত গোলান অঞ্চলের দিক থেকে একইসঙ্গে দুই বিমানবন্দরে হামলা চালানো হয়।
এর আগে ১২ অক্টোবর একইরকম হামলায় দুই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত সপ্তাহের শেষে ইসরায়েল আলেপ্পো বিমানবন্দরে হামলা চালায়। এতে পাঁচজন আহত হন এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সিরিয়ায় প্রায় এক দশকের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এ সময়ের মধ্যে ইসরায়েল তার এই উত্তরাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কয়েক’শ বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরান সমর্থিত বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ।




