আন্তর্জাতিক ডেস্ক: সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শ এর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে। হাজার হাজার শোকার্ত অনুসারী সেন্ট পিটার্স স্কয়ারে সাবেক এই পোপকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন। আজ বৃহস্পতিবার বিবিসির এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেনেডিক্ট ষোড়শ এর অন্ত্যেষ্টিক্রিয়ার ইউরোপীয় রাজপরিবার এবং হাজার হাজার ধর্মগুরু অংশ নিচ্ছেন। বেনেডিক্টকে সেন্ট পিটারস ব্যাসিলিকার নীচে একটি গির্জাসংলগ্ন ভূগর্ভস্থ সমাধিকক্ষে সমাহিত করা হবে। ইতোমধ্যে পোপ ফ্রান্সিস অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
নতুন বছরের প্রাক্বালে মৃত্যু হয় পোপ ষোড়শ বেনেডিক্টের। তার বয়স হয়েছিল ৯৫ বছর। এর আগে ভ্যাটিকানের তরফে জানানো হয়, পোপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভ্যাটিকানের দরজা খুলে দেওয়া হবে।
পোপ ষোড়শ বেনেডিক্ট নানা কারণে আলোচিত ব্যক্তিত্ব। একদিকে মনে করা হয়, খ্রিস্টান থিয়োলজিতে তার মতো পণ্ডিত্ব খুব কম মানুষের আছে। আবার অন্যদিকে তিনি গোড়া, রক্ষণশীল। তার সময়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। জার্মান চার্চে যৌন নির্যাতনের কথা সামনে এসেছে।
তবে বেনেডিক্ট সরাসরি তা নিয়ে কখনোই কথা বলতে চাননি। ফলে অনেকেই মনে করেছেন, বেনেডিক্ট তথ্য গোপনের চেষ্টা করছেন। অসুস্থতার কারণে বেনেডিক্ট নিজের পদ ছেড়ে দিয়েছিলেন। অবশষে ৯৫ বছর বয়সে তার মৃত্যু হলো। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।



