দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামে মোবাইলে আসা একটি খুদে বার্তার লিংকে ক্লিক করার পর এক ব্যক্তির ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুলতান নাসির আলম।
সোমবার (১১ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মো. মিজানুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, মামলায় অজ্ঞাতনামা হ্যাকার ও প্রতারক চক্রকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭, ১৮ ও ১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ মে বাকলিয়া এলাকার বাসিন্দা সুলতান নাসির আলমের মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে একটি লিংক পাঠানো হয়। লিংকে প্রবেশ করার পর ‘AYODATE’ নামের একটি স্পাইওয়্যার বা ম্যালওয়্যার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তার ফোনে ইনস্টল হয়ে যায়। এরপর ফোনটি ‘সিস্টেম আপডেট’ মোডে চলে যায় এবং ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়।
একপর্যায়ে তিনি নিজের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেন, সেখান থেকে ধাপে ধাপে ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে ঋণ গ্রহণসহ আরও ৬২ হাজার ৬০০ টাকা স্থানান্তর করা হয়। সব মিলিয়ে তার ৩ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এছাড়া মামলায় বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ মো. রকিবুল খাঁ নামের এক ব্যক্তির পূবালী ব্যাংক অ্যাকাউন্ট এবং কয়েকটি বিকাশ নম্বরে স্থানান্তর করা হয়েছে।




