বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হিন্দুপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৩৩তম সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজার বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাঁচদিনব্যাপী এই পূজা উদযাপনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আয়োজক সূত্রে জানা যায়, বাংলা ১৪৩২ সালের ৯ চৈত্র (২৪ মার্চ) মহা ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে ১০ চৈত্র মহা সপ্তমী, ১১ চৈত্র মহা অষ্টমী, ১২ চৈত্র মহানবমী এবং ১৩ চৈত্র (২৮ মার্চ) মহা দশমীর মধ্য দিয়ে পূজা সমাপ্ত হবে।
পূজার প্রতিদিনই বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, অষ্টমীতে কুমারী পূজা ও সন্ধ্যা আরতি, নবমীতে বিশেষ পূজা ও ধর্মীয় আলোচনা এবং দশমীতে বিসর্জন ও প্রসাদ বিতরণের আয়োজন রাখা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় আরতি, নামকীর্তন এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হচ্ছে।
বিশেষ আকর্ষণ হিসেবে অষ্টমী তিথিতে সন্ধ্যা আরতি ও পালা কীর্তন এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবমীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশন এবং দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
পূজার সার্বিক অনুষ্ঠান পরিচালনা করছেন প্রধান পুরোহিত শ্রীযুক্ত বাবু রাজীব চক্রবর্তী এবং তন্ত্রধারক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীযুক্ত তন্তু ভট্টাচার্য।
আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পূজায় প্রতিদিন ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি পূজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।




