প্রেস বিজ্ঞপ্তি: সারা বাংলার আনাচে-কানাচে যে উন্নয়ন সংগঠিত হচ্ছে তার সাথে চট্টগ্রাম নগরীকে সম্পৃক্ত করে চট্টগ্রামের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হাব। বর্তমান সরকার কর্তৃক কর্ণফুলী নদীর তলদেশে টানেল, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণসহ যে সকল মেগা প্রকল্প বাস্তবায়ন করছে তা সম্পন্ন হলে চট্টগ্রাম নগরী হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ নগরী। তিনি এই নগরীকে নান্দনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আজ সোমবার সকালে সিটি মেয়রের সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষতকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এই কথা বলেন।
মেয়র গৃহকর প্রসঙ্গে বলেন, নগরবাসীর উপর কোন ধরনের বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়ার প্রশ্নই আসে না। শুধুমাত্র আগের স্থাপনা সমূহের বর্ধিত অংশের এবং নতুন স্থাপনা নির্মাণ করা হলে সেক্ষেত্রে নতুন কর ধার্য করা হবে।
তিনি এ প্রসঙ্গে আরো বলেন, ২০০৯ সালে কর মূল্যায়নের উপর এতদিন যাবৎ করদাতারা কর দিয়েছেন। সরকারি নির্দেশেনা অনুযায়ী ২০১৭ সালের পৌরকর মূল্যায়নের উপর কর আদায়ের জন্য চসিকের বাধ্যবাধকতা রয়েছে। তিনি এই মূল্যায়নে কোনো অসঙ্গতি থাকলে পূর্বের বকেয়া পরিশোধপূর্বক আপিলের মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান জানান।
মেয়র জানান যে, নগরবাসী আপিল ফরম অনলাইনে, সার্কেল অফিস, ওয়ার্ড অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে আপিল করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন-চানগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কাদের, আলাউদ্দিন ইউসুফ, তৌফিক হোসেন, আবু জাফর, আবু বক্কর চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ।
কল্যাণ সমিতির নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে ৯নং রোডে ভাঙ্গা রাস্তায় প্যাঁচওয়াক কাজ, সমিতির অর্থায়নে দুটি যাত্রী ছাউনি নির্মাণের অনুমতি, নালাসমুহ থেকে মাটি উত্তোলন, কালবার্ড উঁচুকরণ, ১ ও ২ নং রোডের সংস্কার এবং এলইডি বাতি স্থাপনের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
মেয়র সমিতির নেতৃবৃন্দকে গৃহকর নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের সম্পর্কে নগরবাসীকে সচেতন করার ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানান। সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্তিতে অভিনন্দন জানান। তিনি নগরীর উন্নয়নে মেয়রের হাতকে শক্তিশালী করতে যথাযথ ভূমিকা পালন করবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।




