হামের টিকা ক্রয় ও বিতরণ প্রক্রিয়ায় বিলম্ব, বিভিন্ন অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ তদন্তের জন্য সরকার তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়কালে টিকা সংক্রান্ত দায়-দায়িত্ব নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে এই কমিশনের সভাপতি করা হয়েছে। এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশন টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব চিহ্নিত করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এবং কমিশনের বিবেচনায় সংশ্লিষ্ট অন্য যেকোনো বিষয়েও সুপারিশ করার সুযোগ থাকবে।
তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এছাড়া যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করার বিশেষ ক্ষমতাও প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। স্বাস্থ্য সেবা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং তদন্তের ব্যয় নির্বাহ ও কাজের সহায়তায় প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।




