সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে সিএনজিচালিত অটোরিকশাসহ সকল ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ এবং মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে থানা পুলিশের মাইকিংয়ের পরদিন সড়ক অবরোধ করেছেন চালকেরা। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে গাড়ির যাত্রীরা দুর্ভোগের কবলে পড়েন। তবে, এ অবরোধ কর্মসূচিতে লোহাগাড়া উপজেলার সিএনজিচালিত অটোরিকশা চালকরাও অংশ নেন।
ঠাকুরদিঘী এলাকার এনামুল হক বলেন, বুধবার দুপুরে হঠাৎ করে একদল সিএনজি চালিত অটোরিকশা চালক ঠাকুরদীঘি এলাকায় মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কের ওপর গাছের ডালপালা ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
অবরোধে অংশ নেওয়া চালক আবদুর রহিম, এমরান হোসেন ও আবদুল মাবুদ বলেন, আমাদের সাথে আলোচনা না করে মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের বিষয়ে পুলিশের মাইকিং মোটেই ঠিক হয়নি। আমাদের রুটি-রুজির পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন দিশেহারা
তারা আরও বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে তাদের জীবিকা সংকটে পড়ার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া পুলিশ সাতকানিয়ার চালকদের বিভিন্ন সুবিধা দিলেও লোহাগাড়ার চালকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে চালক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আজ (বুধবার) রাত ৮টায় থানায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




