রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে ব্যবহৃত একটি বাস নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। এর আগে গত বুধবার গভীর রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাকে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আটক করে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান এবং রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর এই বাসযাত্রার ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেইজে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?’
ওই পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মো. মানিক হোসেন রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিকের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
গত মঙ্গলবার বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।




