স্টাফ রিপোর্টার, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলায় কর্মরত তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিএনপি নেতা শাহেদুল মোস্তফা বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সংগঠনগুলো।
জানা গেছে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীনমতের জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ পত্রিকার মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহপ্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরো ও দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেদুল মোস্তাফা বাদি হয়ে সোমবার এ মামলাটি রুজু করেছেন চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে।
চকরিয়া উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মনসুর মহসিন ও সাধারণ সম্পাদক ইউছুপ বিন হোছাইন বলেন, আদালতে দেওয়া মুচলেকার কপি ও সংশ্লিষ্ট মামলার আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে ভুক্তভোগী সাংবাদিকেরা।
উল্লেখিত সংবাদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।
এ ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।




