দি ক্রাইম ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নগরের ব্যস্ততম ১৬টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
বুধবার (১৫ জুলাই) সিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি জানায়, নগরীতে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে।
তুলসীধাম মন্দিরের রথযাত্রা তুলসীধাম থেকে নগরের নিউমার্কেট, লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও লাভ লেন হয়ে পুনরায় মন্দিরে ফিরবে। নন্দনকাননের রাধামাধব মন্দির (ইসকন)-এর রথযাত্রা নগরের ডিসি হিল, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউমার্কেট ও আমতল হয়ে নন্দনকাননে শেষ হবে।
এছাড়া প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর রথযাত্রা নগরের প্রবর্তক মোড় থেকে গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লা, লালদীঘি ও সিনেমা প্যালেস হয়ে ডিসি হিলে পৌঁছাবে। রথযাত্রা উপলক্ষে নগরের বাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহমদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী, লালদীঘি, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোডে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রশীদ নগরবাসীকে অনুষ্ঠান চলাকালে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।




