নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১১ জুলাই) ভোরে সদর ইউনিয়নের দরবেশহাট বাজারের দীঘি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে গেছে শামসুল আলমের সারের দোকান, আবু তাহেরের ডেকোরেশন ও লেপ-তোষকের দোকান, নাজিম উদ্দিনের লেপ-তোষকের দোকান ও কারখানা, জসির উদ্দিনের ইলেকট্রনিকসের দোকান এবং রতন কর্মকারের কামারের দোকান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আজ ভোরে একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা দেখে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের আগুন নেভানোর কাজে ডাক দেওয়া হয়। পরে ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয় নি।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামসুল আলম জানান, ভোরে দোকানের কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দোকানে থাকা সার, মালামাল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে যাওয়ায় তিনি এখন চরম দুর্দশায় পড়েছেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল চন্দ্র রুদ্র জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের সুনির্দিষ্ট কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
দি ক্রাইম/ মিসবাহ উদ্দীন




