দি ক্রাইম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যায় মাদক মামলার দুই আসামি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মধ্যে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে, আর অন্যজন এখনও পলাতক রয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পালানো আসামিরা হলেন- বিজয়নগরের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)। তাদের মধ্যে সজলকে পরে শহরের নয়নপুরের হাসিনাবাগ এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাঞ্ছারামপুরের আইয়ুবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করার জন্য দুই কনস্টেবল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছিল। আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় তারা কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়।
পালানোর সময় সজলকে ধাওয়া করে হাসিনাবাগ এলাকার লোকজন ধরে ফেললেও শাহীন নদীর পাশ দিয়ে দৌড়ে খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন গণমাধ্যমকে বলেন, ‘দুই আসামিকে গতকাল সোমবার বিকালে গ্রেপ্তার করা হয়। দুইজন কনস্টেবল আদালত চত্বরে গাড়ি থেকে নামানোর সময় দুই আসামি কৌশলে পালিয়ে যায়। তবে সজলকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




