দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত হালিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৬ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি এআরও গ্রুপের নেতা ছিলেন।
আহতরা হলেন, উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ -৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (৩৫) ও মোহাম্মদ নুর (৩৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্যাম্প সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে রাত আটটার দিকে গুলিবিদ্ধ আবদুল হালিম মারা যান। বাকী দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইব্রাহিম বলেন, হালিম বাজার থেকে বাইক যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
উখিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ধরনের কোন তথ্য এখনো পায়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।




