নগর প্রতিবেদক: “সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প। তাই এই প্রকল্পের উন্নয়ন চার তলার বেশি অনুমোদন দেয়া হবে না মর্মে একটি স্বার্থান্বেষী মহলের ছড়ানো গুজবে প্লট মালিকদের কান না দেওয়ার আহ্বান জানান। ইতিমধ্যাে ছয় তলার প্ল্যান দিয়েছি, সিডিএ’র আইন মেনে আরো বহুতল ভবনেরও অনুমোদন দেয়া হবে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রকল্পের পানি,বিদ্যুৎ সংযোগ ও উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে গেলে প্লট মালিক সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সিডিএর আইন উপদেষ্টা এডভোকেট জিয়া হাবীব আহসান।
সভার শুরুতে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম চউক এর একটি টিম ও ওয়াসার এম ডি সমিতির নেতৃবৃন্দ সহ সকাল সাড়ে ১০টায় তিনি সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটিতে ওয়াসার ‘ভান্ডালজুড়ি প্রকল্প’ থেকে পানি সংযোগ কাজের অগ্রগতি ও বাস্তবায়নগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। ওয়াসার এম ডি মনোয়ারা বেগমের একটি বিশেষ প্রকৌশলী টিমও উপস্থিত ছিলো।
চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম স্পষ্ট জানান, প্রকল্পের সুফল পেতে হলে প্লট মালিকদের ওয়াসার নির্ধারিত সার্ভিস চার্জ দ্রুত জমা দিতে হবে এবং যে সব প্লট মালিক ইতিমধ্যে বহুতল ভবনের নকশা জমা দিয়েছেন, সে গুলো দ্রুত পাসের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন।
৫১৯টি প্লট সমৃদ্ধ এই মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নে চউক-এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় তিনি ওয়াসার সাবেক এমডি আনোয়ার পাশা ও বর্তমান এমডি মনোয়ারা বেগমকে আন্তরিক ধন্যবাদ জানান।
ওয়াসার পক্ষ থেকে প্রকৌশলী মো গোলাম কিবরিয়া সাকিল বলেন, আগামী ১৫/২০ দিনের দিনের মধ্যে ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সংযোগ চালু হলে প্লট মালিকরা নিজ নিজ প্লটে পানি সংযোগ এর জন্যে আবেদন করতে পারবেন। সভা শেষে প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করে মুনাজাত করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা প্রফেসর ডাঃ এমরান বিন ইউনুস।
সমিতির পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সেক্রেটারী মোঃ ইয়াসিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সেলিম ও প্লট মালিক হাজী নুর কালাম।
সভায় সিডিএ-র পক্ষে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাং মনজুর হাসান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ,সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ আক্তার ও উপ-সহকারী প্রকৌশলী ওসমান সিকদার এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া শাকিল, রিড হোল্ডিং-এর এমডি এস এম আবিদুল হুদা ও ঠিকাদার প্রতিষ্ঠান ‘দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর প্রজেক্ট ম্যানেজার আনোয়ার পাশা প্রমুখ।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হুদা, তথ্য ও প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, সাংগঠিক সম্পাদক শামসুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ কে এম সাইফুউদ্দিন, মোয়াজ্জেম হোসেন,ফয়সাল আলম,মোহাম্মদ ইকবাল , ফজলুল করিম, ইমরান বিন ইউনুস এজাবত উল্লাহ ও প্রমুখ সমিতির সদস্যগণ উপস্থিত থেকে সিডিএ ও ওয়াসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




