মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ শিশুসহ চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী।আজ সোমবার (০৮ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাস চালক মোহাম্মদ আলী (২৫)। তিনি উখিয়া উপজেলার মরিচ্ছা ২ নম্বর ওয়ার্ড পাগলিরবীল এলাকার নুরুল ইসলামের পুত্র।
নিহত অপরজন হলেন, পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকা বাসিন্দা মঞ্জুর আলমের ৮ মাস বয়সী মোহাম্মদ ইয়াহি নামের শিশু পুত্র। ড়
আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি৷ তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
উপস্থিত এলাকাবাসী ও মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকালে মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার অভিমূখী চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। এ সময় আহত যাত্রীদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া সরকারি হাসপাতালে প্রেরণ এবং মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, মেধাকচ্ছপিয়া এলাকার দূর্ঘটনায় ফাইতং এলাকার এক শিশু ও বাস চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




