আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদার করতে শুক্রবার (৩ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
কূটনীতিকদের তথ্য অনুযায়ী, পরিষদের বর্তমান সভাপতিত্বকারী দেশ ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওই খসড়ায় বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় ‘প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার অনুমোদনের কথা উল্লেখ রয়েছে।
নিরাপত্তা পরিষদে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি বলেন, ‘শুক্রবার এ খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে। আমরা আশা করছি, পরিষদ প্রস্তাবটির পক্ষে একমত হবে।’
এ প্রস্তাব পাসের ক্ষেত্রে অন্য উপসাগরীয় আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তবে রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে আগের খসড়া থেকে সরাসরি সামরিক ব্যবস্থার বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
রয়টার্সের দেখা খসড়া অনুযায়ী, এ প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো ‘কমপক্ষে ছয় মাসের জন্য’ অনুমোদিত হবে। পরে পরিষদ ভিন্ন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। সূত্র: দ্য গার্ডিয়ান




