শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
এই দীর্ঘ ছুটির বিষয়টি সমন্বয় করতে বাংলাদেশ ব্যাংক গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। এর ফলে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত হয়। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তারা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। এই ছুটির বিপরীতেই ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আগামী শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




