লক্ষ্মীপুর প্রতিনিধি: মেঘনার ভাঙনে অনেক মানুষ বাড়ি-ঘর, জমি-জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সেজন্য মজুচোধুরীরহাট থেকে কমলনগর-রামগতি পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
আজ শনিবার(১৪ মার্চ) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালেপানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষদের প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর-রামগতি-বয়ারচর পর্যন্ত বাঁধ না থাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে জমিজমা এবং উৎপাদিত ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।
পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। নদীর তীর রক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে, কাজের মান কেমন এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বিশেষ নজর রাখবে বলে তিনি জানান। এছাড়া, তিনি চলমান কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যা উপস্থিত ছিলেন।




