সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
শুক্রবার এশিয়ার প্রাথমিক লেনদেনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১১২ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে নেমে এসেছে।
তবে এই সামান্য দরপতন সত্ত্বেও ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ার ধারায় রয়েছে। এর আগে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা মে মাসের শুরুর পর থেকে এই মানদণ্ডের তেলের সর্বোচ্চ সমাপনী পর্যায়। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক পতনের মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আন্তর্জাতিক বাজারে সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর এসব হামলার সম্ভাব্য প্রভাবের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।




