দি ক্রাইম ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড নিয়ে দ্বন্দ্বে নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাদ আলী সরদারকে (৬২) মারধর করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত চেয়ারম্যান আজাদ আলী সরদার নওপাড়া ইউনিয়নের ৫ নম্বর নান্দিগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার পথে শ্যামপুর গ্রামে সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম ও বিএনপি নেতা আফাজসহ কয়েকজন চেয়ারম্যানের পথ রোধ করেন। তারা নিজেদের অনুসারীদের জন্য ২৪০টি ভিজিএফ কার্ড দাবি করেন। চেয়ারম্যান বিধি মোতাবেক কার্ড বণ্টনের কথা জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং দাপ্তরিক কাগজপত্র ছিনিয়ে নেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার জানান, হামলায় তার বুক, পিঠ ও পায়ে জখম হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি এক্স-রে করিয়েছেন। তার বিরুদ্ধে টাকা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে সম্পূর্ণ ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন তিনি।
এদিকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য ও শ্যামপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম। তবে তার দাবি, কার্ড দেওয়ার বিনিময়ে চেয়ারম্যান পাঁচ হাজার টাকা চেয়েছিলেন, তাই তাকে মারধর করা হয়েছে। অন্যদিকে শ্যামপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানিয়েছেন, স্বচ্ছতার ভিত্তিতে তালিকা করায় পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের ওপর এই হামলা চালানো হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্গাপুরের ইউএনও মাশতুরা আমিনা জানান, তিনি ঘটনাটি অবগত আছেন এবং চেয়ারম্যানকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।




