আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । এ সময় বরুমছড়া এলাকায় একটি রাবার ড্যামের পাইপ ধ্বংস ও একটি স্কেভেটর ব্যাটারি জব্দ করা হয়। বালু উত্তোলন পয়েন্টে লাল পতাকা টানিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বুরুমছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আবছারের বালু উত্তোলন পয়েন্টে ১ লাখ টাকা এবং রায়হান মেম্বারের বালু উত্তোলন পয়েন্টে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযানে আনোয়ারা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




