নগর প্রতিবেদক: পরিবারের অন্যতম প্রধান নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদান করা হবে।আজ সোমবার(০২ মার্চ) নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অদম্য নারী পুরস্কার ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়ন ও পরিবার ভিত্তিক সহায়তা কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারীকে মাসিক সহায়তা প্রদানের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার নারীদের অবৈতনিক শিক্ষার প্রবর্তন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড যা কিনা ক্ষুদ্র উদ্যোক্তা, গৃহভিত্তিক উৎপাদন অথবা অনানুষ্ঠানিক খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অবদানকে স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত নারীরা তাঁদের জীবন সংগ্রামের অভিজ্ঞতা আলোকে বলেন, সীমিত সুযোগ-সুবিধা ও দৃঢ় মনোবল এবং পরিশ্রমের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন সম্ভব। তারা মনেকরেন, এ ধরনের আয়োজন নারীদের অনুপ্রেরণা যোগাবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মনির হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অদম্য নারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চট্টগ্রামের ৪ জন অদম্য সফল নারীদের হাতে প্রতিমন্ত্রী সম্মাননা ক্রেস্ট তুলে দেন।




