বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে মিয়ানমারের জঙ্গলে প্রায় ৫০ দিন জিম্মি করে রাখা এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার ও অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ। সেখান থেকে অপহৃত জুবায়ের (১৭) কে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
উদ্ধার হওয়া জুবায়ের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রায় দুই মাস আগে মালয়েশিয়ায় কাজের প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র তাকে সমুদ্রপথে নিয়ে যায়। পরে মিয়ানমারের জঙ্গলে আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বয়স কম হওয়ায় পাচারকারীরা তাকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থ হয়ে পুনরায় বাংলাদেশে এনে নুরুল ইসলামের বাড়িতে আটকে রাখে। এরপর পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা আদায় করা হয়। পরবর্তীতে আরও অর্থ দাবি করা হলে ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—নুরুল ইসলাম (৫০), ছিদ্দিক আহমদ (৫৪), আব্দুল্লাহ (২৫) ও হামিদ উল্লাহ (১৯)। তাদেরকে সংঘবদ্ধ মানবপাচার ও অপহরণ চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মানবপাচার ও অপহরণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মানবপাচার রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন।




