বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসায় অগ্নিসংযোগ করেছে “রেড জুুলাই” নামে একটি সংগঠনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে সংগঠনটির সদস্যরা বান্দরবান জেলা শহরের রাজার মাঠের পাশে অবস্থিত বীর বাহাদুর উশৈসিং-এর পাঁচতলা বাসভবনে হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। এসময় আগুনে বীর বাহাদুরের বাসভবনের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচে পার্কিংয়ে থাকা ১টি পাজারো ও ১টি প্রাইভেটকার এবং ১টি মোটরসাইকেলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় বান্দরবান শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে গাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা হবে।




