নিজস্ব প্রতিবেদক: জোড়া শিশু লাবিবা-লামিসাকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। সোমবার (২১ মার্চ) বিকেলে তাদের আলাদা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে। লাবিবার জ্ঞান ফিরলেও লামিসার এখনো জ্ঞান ফেরেনি। দুজনকে আইসিইউতে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চারটি বিভাগের সমন্বয়ে আমরা সফলভাবে অস্ত্রোপচার করতে পেরেছি। অ্যানেসথেসিয়া, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা এ অপারেশনে অংশ নেন।’
লাবিবা ও লামিসার বয়স প্রায় তিন বছর। ২০১৯ সালের ১৫ এপ্রিল তাদের জন্ম হয়। বাড়ি নীলফামারী জেলায়। তাদের বাবা দিনমজুর। জন্মগতভাবে তারা জোড়া লাগানো। তাদের দুজনের মলদ্বার একটি। এর আগে সার্জারির মাধ্যমে পৃথক মলদ্বার তৈরি করা হয়। ঢামেক হাসপাতাল বিনামূল্যে এ দুই শিশুর চিকিৎসা করছে।



