
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে হঠাৎ শুরু হওয়া প্রবল বর্ষণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীঘিনালায় মাত্র ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে।
বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে দীঘিনালার মেরুং, কবাখালি ও বেয়োলখালি এলাকার নিচু অঞ্চল। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘর-বাড়িতে পানি ডুকে গেছে।
আকস্মিক এমন ভারি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। দীঘিনালা-মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি–দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
দীঘিনালার চৌমুহনী এলাকার জগন্নাথ পাড়ার বাসিন্দা জানান, রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতরে পানি। গত মাসে বন্যায়ও আমাদের বাসায় পানি ডুকেনি। কিন্তু গতরাতের মাত্র ৩ থেকে ৪ ঘণ্টার বৃষ্টিতে পানি উঠে গেছে।
দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা জানান, চলতি মৌসুমে এতো অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাত রের্কড করা হয়নি।
এদিকে খাগড়াছড়িতে পাহাড় ধসে দীঘিনালা-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ, যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় সড়ক ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে অংশটি ধসেছে সেটি বেশ বড়। তবে ইতোমধ্যে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। মাটি সরাতে কিছুক্ষণ সময় লাগতে পারে।

