দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম নগরে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. মহিউদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে জাল টাকা ও একটি টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মহিউদ্দিন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের ঘড়াভাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানাধীন আফমী প্লাজার সামনে অভিযান চালায় সিএমপি ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম। সেখান থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা করা হয়।
পরে আসামি মহিউদ্দিনকে আদালতের অনুমতিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় জাল টাকা তৈরির সরঞ্জাম রাখার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট মধ্যরাতে ওই বাসা থেকে একটি জাল টাকা তৈরির মেশিন, ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
সিএমপি ডিবি জানায়, আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




