দি ক্রাইম, ঢাকা: পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডকে সুদূরপ্রসারি ষড়যন্ত্র মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ছিলো জাতির জন্য একটি শোকাবহ দিন। একই সাথে একটি আতঙ্কেরও দিন। এই দিনে বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের জাতির সবচেয়ে বড় সম্পদ সেনাবাহিনীর ৫৬ জন সেনাকর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে জাতির যে নিরাপত্তা ব্যবস্থা তা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে ফেলা হয়েছে। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে (২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি) শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে কথাটা সব সময় বলা হচ্ছে—এর পিছনে শুধু বিদ্রোহ ছিল না। একটা সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল।’ এর মূল কারণ ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়া। দুর্ভাগ্য আমাদের আজকে এতো বছর পরও প্রকৃত ঘটনা তদন্ত করা সম্ভব হয়নি। এর পিছনে কারা ছিল, কেন এই ঘটনা ঘটেছিল। এসময় এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এতো কর্মকর্তা চলে যাননি। কিন্তু এখানে ৫৬ কর্মকর্তা চলে গেলেন। বিডিআরের শক্তিশালী প্রতিষ্ঠানকে পরবর্তীকালে ভেঙে নতুন করে প্রতিষ্ঠা করা হয়। হাজার হাজার বিডিআরের কর্মকর্তাদের বিচার করা হয়েছে। কিন্তু এর পেছনে কারা এর কোনো তদন্ত এখনো হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, পিলখানার এই দুর্ঘটনার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়ে ছিলো। তার রিপোর্টও প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আজকে এখানে এসেছি আমাদের জাতির সেই গৌরব যারা জাতিকে, দেশকে রক্ষা করার জন্য শপথ নিয়েছিলেন—একটা মর্মান্তিক ঘটনার মধ্যে চলে যাওয়ায় আমরা শোক প্রকাশ করতে এসেছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করতে এসেছি। শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন তাদের বেহেশত নসিব করেন।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাসান নাসির, কর্ণেল (অবঃ) কামরুজ্জামান, মেজর (অবঃ) এম এম হাসান, মেজর (অবঃ) কোহিনুর আলম নুর, মেজর (অবঃ) আজিজ রেজা, শামীমুর রহমান শামীম, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এছাড়াও কলাণ্য পার্টির চেয়রাম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইব্রাহিম, এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মনি প্রমুখ।
Post Views: 542



