কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় চার্জ গঠনের দিন কুমিল্লার একটি আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
সোমবার (৮ জুলাই) দুপুরে তারা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিনের আদালতে হাজির হন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। ওই মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ওই বছরের ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয় জনকে আসামি করা হয়।
মামলার বাদী পক্ষের আইনজীবী জসীম উদ্দিন চৌধুরী বলেন, সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই তারা আদালতে উপস্থিত হয়েছেন। আদালতে তারা নিজেদের নির্দোষ ও তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন বলে দাবি করেছেন।




