সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
আজ বুধবার (৩০সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ এ অভিযানে নেতৃত্ব দেন। তিন হাসপাতাল থেকে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী লাইসেন্স ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা, ল্যাবে পর্যাপ্ত টেকনোলজিস্ট ও হাসপাতালে পরিমিত নার্স না থাকা এবং ত্রুটিপূর্ণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার অপরাধে সাতকানিয়া মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, নিয়ম বহির্ভূতভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনার অপরাধে এলাইট হাসপাতাল এবং আল হায়াত হাসপাতাল—এর প্রতিটি থেকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও স্যানিটারি ইন্সপেক্টর ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে ইউএনও অফিস জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে আমাদের এই তদারকি অত্যন্ত কঠোর। চিকিৎসা সেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




