আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। সংস্থাটির সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ দেড় শতাধিক দেশ। বাংলাদেশের সময় বুধবার ভোর ৪টার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়। খবর: সিএনএন ও আলজাজিরা’র।
মানবিক দিক বিবেচনায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিসর এই প্রস্তাব তুলেছিল। বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ ভোট দিয়েছে বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নৃসংশ হামলা থামানোর আহ্বান জানিয়ে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল আজিজ আলওয়াসিল মঙ্গলবারের এই ভোটাভুটির পরে করা এক মন্তব্যে বলেছেন, ‘আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন যা সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।’
উল্লেখ্য, গাজায় দুই মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির ১৮ হাজারের বেশি মানুষ নিহত ও ২৩ লাখ বাসিন্দার ৮০ ভাগই উদ্বাস্তু হয়েছেন।




