ঢাকা ব্যুরো: আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশের জন্য আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো (সন্ধ্যা) পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি।
বুধবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী ও পল্টনে সমাবেশ করতে দেয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ও অপরাপর দলগুলোকে অনুমতি দেয়ার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, এখনো কোনো দলকেই অনুমতি দেয়া হয়নি।
গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর বায়তুল মোকাররম এলাকায় ‘শান্তি সমাবেশের’ ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন। অপরদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে। চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছে।




