বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণ। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন এই অভিনেতা। বর্তমানে তৃতীয় স্ত্রী আন্না লেজনেভার সঙ্গে সংসার করছেন ‘গব্বর সিং’খ্যাত এই নায়ক। কিন্তু কিছু দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে পবন কল্যাণের।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পবন কল্যাণ ও তার স্ত্রী আন্না লেজনেভা আলাদা থাকছেন। সময়ের সঙ্গে বিয়েবিচ্ছেদের দিকে আগাচ্ছেন এই দম্পতি। বিষয়টি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুল চর্চিত। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পবন-কিংবা আন্না।
বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হওয়ার পর পবনের পারিবারিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি আন্নাকে। সম্প্রতি পবনের ভাতিজা অভিনেতা বরুণ তেজ ও অভিনেত্রী লাবণ্যর বাগদান সম্পন্ন হয়। এ অনুষ্ঠানেও আন্না উপস্থিত ছিলেন না বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।
২০১১ সালে ‘টিন মার’ সিনেমার শুটিং সেটে প্রেমের সম্পর্কে জড়ান রাশিয়ান মডেল-অভিনেত্রী আন্না লেজনেভার ও পবন কল্যাণ। ২০১৩ সালের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। এ সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা নামে এক কন্যা এবং মার্ক শঙ্কর পবনোভিচ নামে একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে দুই সন্তানই আন্নার কাছে রয়েছে।
১৯৯৭ সালে নন্দিনীকে প্রথম বিয়ে করেন পবন কল্যাণ। ২০০৭ সালে ভেঙে যায় এ সংসার। ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। ২০১২ সালে এ সংসারের ইতি টানেন পবন। পবন-রেণু দম্পতির দুটি সন্তান রয়েছে। এরপর আন্নার সঙ্গে ঘর বাঁধেন পবন।




